প্রকাশ : ২১ জুন ২০২৬, ২১:২৭
আর্জেন্টিনার প্রায় সকল খেলোয়াড়ের নাম আমার মুখস্থ : খুদে ভক্ত কাব্য দে
"পাপা রাগ করলা?"

আমার প্রিয় দল আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় খুবই সুন্দরভাবে খেলে। তাদের মধ্যে অন্যতম ও আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় মেসি। মেসি মানেই প্রতিপক্ষ দলের এক আতঙ্কের নাম। ফুটবল যেমন আমার প্রিয় খেলা, তেমনি ফুটবলের বর্তমান রাজা মেসি আমার প্রিয় একজন খেলোয়াড়।
|আরো খবর
এবারের বিশ্বকাপে প্রথম খেলায় আমি রাতে তেমন একটা ঘুমাতে পারিনি। কতক্ষণ পরপর ঘড়ি দেখি কখন সাতটা বাজবে। চোখে ঘুমঘুম ভাব, তারপরও আর্জেন্টিনার খেলা বলে কথা৷ কিছুক্ষণ পরপর চোখে পানি দেই ঘুম যেন না আসে। খেলার শুরুতেই মেসির যাদু দেখতে পেলাম। প্রথম গোল অফসাইড হলো, একটু হতাশই হলাম। তারপর মেসির পা থেকে দ্বিতীয় যে গোলটি হলো তাতে আত্মবিশ্বাস বেড়ে গেলো। আমি বাঁ দিক ফিরতেই দেখি একজন লোকের মুখটা মলিন হয়ে গেলো। মানে আমার পাপার। পাপা আবার ব্রাজিলের সমর্থক। যাক পাপাকে বললাম, "পাপা রাগ করলা?" পাপা কিছু না বলে চুপ করে বসে খেলা দেখলো। পাপা মন খারাপ করে অফিসের দিকে চলে গেলেন। বাসার বাকি সবাই ঘুমে আর আমি একা একা মেসির পায়ের জাদু দেখতে লাগলাম। মেসি হ্যাট্রিক করলেন। পাপাকে কল করে আবারো বললাম, "পাপা রাগ করলা?" পাপা ধমক দিয়ে ফোনটা রেখে দিলেন। এটা আমার প্রথম বিশ্বকাপ দেখা। আমার বিশ্বাস, মেসির জাদুতে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। অনেকে বলে, মেসি ছাড়া আর্জেন্টিনা নাকি জিরো। আমি বলবো যারা এগুলো বলে তারা বুঝেই না আর্জেন্টিনা কী জিনিস। শুধু মেসি নয়, আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় একএকটা বুলেট। যেমন : গোলরক্ষক মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, মলিনা, গঞ্জালো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলভারেজ, থিয়াগো আলমাদা প্রমুখ অর্থাৎ প্রতিজন খেলোয়াড়ের নাম আমার মুখস্থ।
আমি কাব্য দে, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করি। আমার ৪টা ফুটবল আছে। আমি প্রায় প্রতিদিন বিকেলে স্কুল ছুটির পর আমার স্কুল মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলি। আমার আর্জেন্টিনার জন্যে আপনাদের কাছে দোয়া চাই। আর্জেন্টিনা যেনো এবারের বিশ্বকাপও নিজেদের ঘরে নিতে পারে। জয় হোক আর্জেন্টিনার, জয় হোক ফুটবলের।







