প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২০:৩২
পুরাণবাজারে হরিজন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৬-এর ফাইনাল
এ খেলা চালিয়ে নিতে আমার সহযোগিতা সবসময় থাকবে
--------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে হরিজন প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ। হরিজন ক্লাব, চাঁদপুরের আয়োজনে স্বাগতিক চাঁদপুরের ৩টি কলোনীর দলসহ ৫টি জেলার ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হরিজন ক্লাব, পুরাণবাজার।
|আরো খবর
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হরিজন ক্লাব ঢাকা ও হরিজন ক্লাব পুরাণবাজার। ফাইনাল খেলায় ২-০ গোলে হরিজন ক্লাব ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
পুরাণবাজার হরিজন ক্লাব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, আমি মাঠে বসে পুরো খেলাটি দেখেছি। গত বছরের খেলা দেখেছি বৃষ্টির মধ্যে। আজকের খেলা অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। প্রতিবছরই এ খেলার আয়োজন করা হয়। এ খেলা চালিয়ে যাওয়ার জন্যে আমার সহযোগিতা সবসময় থাকবে । মাঠে বসে অনেকদিন পরে একটা সুন্দর ফাইনাল খেলা দেখলাম। দু দলেই সাবলীল খেলা খেলেছে।
তিনি বলেন, আপনাদের সন্তানদের লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতির সাথে জড়িত রাখবেন। তাহলে সমাজ মাদকমুক্ত, কিশোর গ্যাং মুক্ত থাকবে। বর্তমানে জেলার পুলিশরা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। খেলাধুলার জন্যে সকল ধরনের সহযোগিতা থাকবে আমার।
তিনি আরো বলেন, আপনার সন্তান কার সাথে মিশে কার সাথে চলছে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিনই সংসদে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়। গত ১৭ বছরে এই সমস্যাগুলো করে গেছে ফ্যাসিবাদী সরকার। হরিজন সম্প্রদায়ের যারা খেলাধুলা আয়োজনের সাথে জড়িত তারা যদি ৩ মাস পর পর আন্তঃজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সেখানে আমার সহযোগিতা থাকবে।
হরিজন পঞ্চায়েত কমিটির প্রধান কৈলাশের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
সাংবাদিক শাওন পাটওয়ারীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
হরিজন প্রিমিয়ার ফুটবল লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো : চাঁদপুর সূর্যমুখী হরিজন যুব ক্লাব, যুব কল্যাণ সংঘ চট্টগ্রাম, চৌমুহনী হরিজন সেভেন স্টার ক্লাব, রেলওয়ে হরিজন ঐক্যতান ক্লাব চাঁদপুর, হরিজন ক্লাব মাদারীপুর, হরিজন ক্লাব পুরাণবাজার, হরিজন ক্লাব মুন্সীগঞ্জ ও হরিজন ক্লাব ঢাকা।








