প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:১১
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নীতির অভাবই দুর্নীতি, তাই সকলকে নিজের নীতি ঠিক করতে হবে
---অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেছেন, নীতির অভাবই দুর্নীতি, তাই সকলকে নিজের নীতি ঠিক করতে হবে। আমাদের সকলকে নীতি মেনে কাজ করা উচিত। একজন শিক্ষক যদি ক্লাসে সঠিকভাবে না পড়ায়, সেটাও কিন্তু দুর্নীতি। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|আরো খবর
তিনি আরো বলেন, দুর্নীতির কোনো নির্দিষ্ট মাত্রা নেই। নৈতিক শিক্ষা আসে পরিবার থেকে। তাই স্কুলে আসলেই সকল কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। পরিবারে বাবা, মা ও গুরুজনদের কথা যেমনি শুনবে, তেমনি করে স্কুলে আসলে শিক্ষকের কথাও সমানভাবে শুনবে।
দুর্নীতি শুধু উপরের লেভেলে হয় না, ঘর থেকে শুরু করে সকল ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে। তাই আমাদেরকে পরিবার থেকে ভাল শিক্ষা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীদের তরফ থেকে স্কুলের লাইব্রেরিসহ কিছু বিষয়ে সমস্যা তুলে ধরে প্রধান অতিথি বলেন, লাইব্রেরি যে ভবনে অবস্থিত সে ভবনের কোনো সমস্যা থাকলে সেই রুম পাল্টানো উচিত। তোমরা আমাকে বইয়ের লিস্ট দিলে আমি বইয়ের ব্যবস্থা করবো। স্কুলের সাউন্ড সিন্টেমের সমস্যা সমাধানের বিষয়টি প্রধান শিক্ষক দেখবেন।
চাঁদপুরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হুমায়ন কবির ও চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুকবুল হোসেন।
দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাইসার পরিচালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব রাখেন দশম শ্রেণির ছাত্রী ফাহমিদা হোসেন আনিকা।
কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্রী সারা জাকির প্রত্যাশা। গীতা পাঠ করেন জয়ীতা রাণী দাস।








