বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২০:৫২

একই ঘটনায় দুটি মামলা হয় না : ওসি সদর থানা

ওয়্যারলেসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় আমার মামলা নিচ্ছে না

--- মার্কেট মালিক ফেরদৌস গাজী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ওয়্যারলেসে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় আমার মামলা নিচ্ছে না

২৪ মে ২০২৬ (রোববার) চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে একদল সন্ত্রাসী দুর্বৃত্ত কর্তৃক মার্কেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কেট মালিকের মামলা থানা পুলিশ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কেটের মালিক ফেরদৌস গাজী। তিনি এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, গত ২৪ মে ২০২৬ (রোববার) সন্ধ্যার পর শফিক গাজী এবং মামুন খানের নেতৃত্বে তাদের পালিত সন্ত্রাসীরা ওয়্যারলেস বাজার সংলগ্ন মাদ্রাসার সামনে অবস্থিত আমার মার্কেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ৫০ জনের ওপরে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মার্কেট ভাংচুর, লুটপাট এবং আগুন লাগিয়ে দেয়। সাথে মাদ্রাসা ভবনেও আগুন লাগায়। মাদ্রাসার আবাসিক ছাত্রদের বেডিংপত্র এবং কোরআন শরীফ, হাদীস শরীফের কিতাবাদি সব আগুনে পুড়ে যায়। মার্কেটে আমার পাঁচটি দোকান রয়েছে। দোকানগুলো ভাড়া দেয়া। আমার কোটি টাকার উপরে সম্পদের ক্ষতি হয়। মাদ্রাসা ও মসজিদের কয়েকটি এসিও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় আমি ক্ষতিগ্রস্ত মালিক হিসেবে মামলা করতে গেলে সদর থানা পুলিশ মামলা নেয় নি। মামলা না নেয়ার কারণ হিসেবে ওসি সাহেব জানান, এ ঘটনায় মার্কেটের ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত দোকানদার মো. মোক্তার গাজী বাদী হয়ে মামলা করেছেন। একই ঘটনায় দুই মামলা হয় না।

এ বিষয়ে মার্কেট মালিক ফেরদৌস গাজী বলেন, আমার ভাড়াটিয়া তো মামলা করেছে তার দোকানের মালামাল যে লুট হয়েছে, পুড়ে ধ্বংস হয়েছে সে বিষয়ে। তাছাড়া তার দায়ের করা অভিযোগে আসামী অজ্ঞাত দেখানো হয়েছে। কিন্তু আমার মালিকানাধীন মার্কেট যে পুড়ে গিয়ে এবং ভাংচুরে ক্ষতিগ্রস্ত হলো, মাদ্রাসার যে ক্ষতি হলো, মাদ্রাসার আমরা দাতা সদস্য হিসেবে তো আমি বাদী হয়ে মামলা করার অধিকার রাখি। তাছাড়া আমার ভাড়াটিয়া মোক্তার গাজীর অভিযোগে আসামির নাম উল্লেখ করা হয় নি। আমার অভিযোগে তো আসামির সুনির্দিষ্ট নাম উল্লেখ রয়েছে। তাই আমি বলবো, আমার মামলা না নেয়া আমার প্রতি অবিচার, অন্যায় করা হচ্ছে এবং প্রকৃত আসামিদের আড়াল করার জন্যেই আমার মামলা নিচ্ছে না থানা পুলিশ।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদার (ব্যবসায়ী) বাদী হয়ে মামলা করেছে। একই ঘটনায় দুটি মামলা হয় না। বাদী মোক্তার গাজীর দায়ের করা মামলার তদন্তে সব বেরিয়ে আসবে।

উল্লেখ্য, ফেরদৌস গাজীর মার্কেটের ভাড়াটিয়া গাজী মটরস্- এর মালিক মো. মোক্তার গাজীর দায়ের করা অভিযোগে ৪ কোটি ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়