মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ২১:০১

অভিযুক্ত সুমন পলাতক

মতলবে ছাত্রদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ছাত্রদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

মতলব পৌরসভা এলাকায় সম্পত্তিগত বিরোধ নিয়ে হামলা ও মারধরের ঘটনায় আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক ব্যক্তি দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১ জুন ২০২৬) সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে একই বাড়ির বাসিন্দা অভিযুক্ত সুমন পাটওয়ারী (২৮) বাড়ি থেকে পালিয়েছেন।

সরেজমিনে সোমবার (১ জুন ২০২৬) দুপুরে পৌর এলাকার দক্ষিণ দিঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়িতে গিয়ে নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

হত্যার শিকার মান্নান পাটওয়ারী ওই বাড়ির মৃত সিডু পাটওয়ারীর ছেলে। তিনি এক সময় ফার্নিচারের কাজ করতেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে। তিনি পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সরকার দলীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত।

ওই বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম পাটওয়ারী বলেন, নিহত মান্নান সম্পর্কে চাচাত ভাই। তার ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী শনিবার (৩০ মে) বিকেলে বাড়ির সামনে নিজের জায়গায় গাছ লাগান। ওই গাছ উপড়ে ফেলে দেন অভিযুক্ত সুমনের মা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। খবর পেয়ে সুমন পাটওয়ারী দলবল নিয়ে বাড়িতে আসেন। প্রথমে হারুন পাটওয়ারী ও তার স্ত্রীকে মারেন। পরে মাগরিব নামাজশেষে বাড়িতে মান্নান পাটওয়ারীকে সুমন পাটওয়ারীসহ তার সাথে থাকা লোকজন শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।

নিহত ব্যক্তির আত্মীয় নান্নু হাওলাদার বলেন, খবর পেয়ে সন্ধ্যার পর আমি ওই বাড়িতে যাই। তাদেরকে সুমন পাটওয়ারী পিটিয়ে আহত করলেও প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেনি। আহত অবস্থায় তাদেরকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে মান্নান পাটওয়ারীর অবস্থা অবনতি হওয়ার কারণে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের ছেলে জনি পাটওয়ারী সহ পরিবারের লোকদের কাছ থেকে জানতে পারি, তিনি আজ (সোমবার) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন মৃধা বলেন, সুমন পাটওয়ারী মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তার কিশোর গ্যাং বাহিনী আছে। ঘটনার সময় আমি কাছে ছিলাম। সুমন তার লোকজন নিয়ে বাড়িতে হামলা চালায়। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে।

এই বিষয়ে বক্তব্যের জন্যে সুমন পাটওয়ারীর বাড়িতে যাওয়া হয়। তাদের বাড়ির গেটে তালা দেয়া রয়েছে। ভেতরে লোকজন থাকলেও কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মান্নান পাটওয়ারী ও সুমন পাটওয়ারীদের মধ্যে সম্পত্তি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ঘটনার দিন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মান্নান পাটওয়ারী গুরুতর আহত হওয়ায় ঢাকায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। তিনি আজ ভোরে মারা গেছেন। এই ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়