প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৪:১০
মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ ও টেকনিক্যাল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রীর আশ্বাস

শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর জুড়ে ছিলো সাজ সাজ রব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে। পথসভার স্থান ছাড়াও সাধারণ জনগণ রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। কুমিল্লায় পথসভা শেষে শাহরাস্তিতে খাল খনন কার্যক্রমে অংশ নিতে আসার পথে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গায় প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে মেহের ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থী তাদের দাবি সম্বলিত প্লে কার্ড তুলে ধরেন এবং একটি আবেদন প্রধানমন্ত্রীকে দেয়ার চেষ্টা করেন। প্রধানমন্ত্রী বাস থেকে ঘোষণা করেন মেহের ডিগ্রি কলেজ ইনশাআল্লাহ আমরা জাতীয়করণ করবো, তবে ধৈর্য ধরতে হবে। এরপর তিনি উয়ারুকে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন। সেখানকার সমাবেশে তিনি শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্যে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক কে মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্যে ডিও লেটার দেয়ার জন্যে বলেছেন।
|আরো খবর
কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপম জানান, শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী কলেজটি জাতীয়করণে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।








