প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৯:৩৪
মতলবে ১শ' ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলার প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থীকে মিড-ডে মিল দেয়া হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যাশা সংস্থার বাস্তবায়নে উপজেলার ১শ' ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্যে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থীকে মিড-ডে মিল দেয়া হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করা, উপস্থিতির হার বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিশুদের মনোযোগ বাড়াতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। সপ্তাহে পাঁচদিন শিক্ষার্থীদের এ মিল দেয়া হবে। পর্যায়ক্রমে সরকারি প্রাইমারী স্কুল ফিডিং প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীদের মাঝে বন রুটি, সিদ্ধ ডিম, কলা বা মৌসুমি ফল ও ইউএইচটি দুধ বিতরণ করা হবে।
আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর ছরওয়ার জাহান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন ও গীতা পাঠ করেন অসীম কৃষ্ণ হালদার।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় উপজেলার ১শ' ১৩টি স্কুলের ১৬ হাজার ৬শ' ২০জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশু শিক্ষা বিকাশে সরকারের মিড-ডে মিল পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। দরিদ্র ও অসহায় শিশুদের দুপুরের খাবারের দুশ্চিন্তা থেকে মুক্ত করা হয়েছে। এক্ষেত্রে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি শতভাগ নিশ্চিত হবে।








