প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১২:৩৬
খেলার ছলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

সমবয়সী খেলার সাথীদের সাথে খালার বাড়ির সামনে খেলতে যায় তিন বছরের শিশু আরিয়ান। খেলার ছলে থেমে থাকা বালুবাহী একটি ট্রাকের নিচে লুকায় সে । এর পরেই ট্রাক চালক তার অজ্ঞাতসারে ট্রাকটি সামনের দিকে চালাতে গেলে ট্রাকটি আটকে যায়। এ সময় চালক আরেকটু জোরে ট্রাকটি সামনের দিকে টান দিতেই চারদিক থেকে 'থামান থামান' বলে লোকজনের চেঁচামেচি শুরু হয়ে যায়। চালক কিছু না বুঝে চারদিকের ডাকচিৎকারে ট্রাকটি থামায় ঠিকই, কিন্তু ততক্ষণে আরিয়ানের কচি শরীর আর মাথা ট্রাকের চাকায় থেতলে যায়। সাথে সাথে উপস্থিত সবাই শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৮ মার্চ ২০২৬) ভোরে ঘটনাটি ঘটে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের দক্ষিণ মনিহার গ্রামের গুদাড়াঘাট সড়কের লালু মিয়ার বাড়ির সামনে দোকানের কাছে।
|আরো খবর
শিশুটি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের একমাত্র সন্তান। ঘটনার দুদিন আগে শিশুটি তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যায়।
শিশুটির মামা আবদুর রাজ্জাক ছৈয়াল জানান, মায়ের সাথে মনিহার খালার বাড়িতে বেড়াতে যায় আরিয়ান। এ দিন সকালে দক্ষিণ মনিহার দোকানের সামনে একটি ট্রাক থামানো ছিল। আরিয়ান অন্যান্য শিশুর সাথে খেলা করছিলো। খেলার ছলে সে ট্রাকের নিচে লুকায়। পরে থামানো ট্রাকটি চালক চালাতে গেলে শিশু আরিয়ান চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথেই ভাগিনা মৃত্যুবরণ করে।
এদিকে পরিবারের
একমাত্র সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। এমন মৃত্যুর খবরে শোকে সবাই বাকরুদ্ধ ও স্তব্ধ। আত্মীয় স্বজনরাসহ শত শত গ্রামবাসী ঐ বাড়িতে ভীড় জমিয়েছে। সরজমিনে এমনটাই দেখা গেছে।
স্থানীয় খলাপাড়া গ্রামের সুমনসহ এ সড়কে চলাচলকারী একাধিক সিএনজি চালিত অটোরিকশা চালক জানান, ট্রাকের মালিক দুর্ঘটনাস্থলের বালু ব্যবসায়ী লালু মিয়া। ট্রাকটি চালাচ্ছিলেন লালুর ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল জব্বার জানান, হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আইনি ভাবে দেখা হচ্ছে।








