প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১১:৫২
শাহরাস্তি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেনি কোনো রাজনৈতিক দল

শাহরাস্তিতে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা যায়নি। শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতি বছর শ্রদ্ধা নিবেদন করতে দেখা যেতো বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও তাদের প্রতিনিধিদের। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যেতো। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক ব্যতীত শ্রদ্ধা নিবেদন করতে তেমন কাউকে দেখা যায়নি। স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে শাহরাস্তি মডেল থানা, বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাননীয় সংবাদ সদস্যের পক্ষে শ্রদ্ধা নিবেদন করতে আসেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া। উপজেলা বিএনপির সভাপতি নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে মাননীয় সংসদ সদস্যের পক্ষে শ্রদ্ধা নিবেদন করলেও দলের পক্ষে কোনো শ্রদ্ধা জানানো হয়নি। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে কেউ শ্রদ্ধা নিবেদন করতে আসেনি। বিভিন্ন রাজনৈতিক দল ও
অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি। স্মৃতিস্তম্ভে যুবদলের কয়েকজন নেতাকে এমপি মহোদয়ের জন্যে তৈরি করা পুষ্পস্তবক নিয়ে ফটোসেশন করতে দেখা গেছে। স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দলের অনুপস্থিতি সবাইকে হতাশ করেছে।








