প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:২৮
ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর নগদ ঈদ উপহার পেলেন গরিব ও দুস্থরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরিব-দুস্থদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সে অনুযায়ী চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে সংসদ সদস্যকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
|আরো খবর
সুষম বণ্টনের লক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের নির্দেশনা মোতাবেক উপজেলার ৬৬৬ জন গরিব-দুস্থ নারী ও পুরুষকে ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এমপির পক্ষে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন বলেন, আমাদের সংসদ সদস্য সর্বদা সুষম বণ্টনে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত নগদ অর্থ উপজেলা প্রশাসনের মাধ্যমে অনুদানপ্রাপ্তদের উপস্থিতিতে প্রদান করা হয়েছে।
ঈদের পূর্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে।








