প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:৪৯
জন্মনিবন্ধনসহ সেবা প্রাপ্তিতে নানা অনিয়মের বিষয়ে ক্ষোভ
চাঁদপুর পৌরসভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির আকস্মিক পরিদর্শন

চাঁদপুর পৌরসভার বিভিন্ন শাখায় নাগরিকদের সেবাপ্রাপ্তিতে ভোগান্তি এবং নানা অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুর বারোটার সময় চাঁদপুর পৌরসভা কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে বিভিন্ন শাখায় সেবাপ্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে চাঁদপুর পৌরসভা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ ফরিদ আহমেদ মানিকের চাঁদপুর পৌরসভা পরিদর্শনে এই প্রথম আগমন। তিনি এসে পৌরসভার বিভিন্ন বিভাগ, বিশেষ করে কর, জন্মনিবন্ধন এবং ট্রেড লাইসেন্স শাখা পরিদর্শন করেন। সাধারণ মানুষ সেবার জন্যে এসে যে ভোগান্তির শিকার হচ্ছেন, তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এক পর্যায়ে পৌরসভার সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন তিনি। পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য পৌর কর্তৃপক্ষকে তিনি আহ্বান জানিয়েছেন।
তিনি রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করাসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র প্রদান, স্ট্রিট লাইটের ব্যবস্থা, যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনাসহ অন্যান্য সেবামূলক জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোর প্রতি নজরদারি বাড়ানোর তাগিদ দেন ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর-আজম বীন আখতার (শরীফ), পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. নুরে আলম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন সেবা শাখার প্রধানগণ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা একটি ক-শ্রেণির পৌরসভা। ২৬.৮২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভাটি জেলার প্রশাসনিক কেন্দ্র এবং চাঁদপুর সদর উপজেলার আওতাভুক্ত। এটি ডাকাতিয়া নদী ও মেঘনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যিক এলাকা। ১৮৯৭ সালে এটি পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে, যা বাংলাদেশের অন্যতম প্রাচীন পৌরসভা। পৌরসভাটি ১৫টি ওয়ার্ডে বিভক্ত।








