প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:৪৭
জেলা তৈল মনিটরিং কমিটির সভা

চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবে না। পাম্প ছাড়া খোলা তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। যারা অবৈধভাবে বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, অসাধু ও দুষ্কৃতকারীরা অনেক সময় খোলা তেল ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। তাই এ বিষয়ে কঠোর নজরদারি বাড়াতে হবে। তেলের ওপর সরকার ভর্তুকি প্রদান করে থাকে। ফলে এর সঠিক ব্যবহার ও সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা তেল সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত, তাদের সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং যে কোনো অনিয়ম দেখলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, লাইসেন্স ছাড়া পেট্রোল-অকটেন বিক্রি করা যাবে না এবং পাম্পগুলোতে তেলের মজুদ স্বাভাবিক রাখতে হবে। তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা টাস্কফোর্স নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। অধিক মুনাফার জন্যে তেলের কৃত্রিম সংকট তৈরি করলে পাম্প মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল নিয়ে একশ্রেণীর মানুষ সারাদেশে মব সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। চাঁদপুরে এ ধরনের মব সৃষ্টিকারী আইনের দিক থেকে কোনো ছাড় পাবে না। তেল বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পেট্রোল পাম্প মালিক মোহাম্মদ আলী জিন্নাহ ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার।
সভায় চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, পেট্রোল পাম্প মালিক, তেল ব্যবসায়ী, পদ্মা অয়েল ও যমুনা অয়েল কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








