প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০০:১৫
ইরানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সাম্রাজ্যবাদবিরোধী সংগঠনসমূহের আহ্বান

সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৪টায় ঢাকা পল্টন মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী সংগঠনসমূহের উদ্যোগে ইরানে মার্কিন ইসরায়েলী আক্রমণ, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্যদের হত্যা এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু ও সুশান্ত সিনহা সুমন। উপস্থিত ছিলেন গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা লুৎফুন্নেসা আঁখি।
বক্তারা ইরানে মর্কিন-ইসরায়েল হামলা এবং পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুদ্ধের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা বলেন, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্বের শিরোমণি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক রীতি নীতি লঙ্ঘন করে ইরানে সামরিক হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনিসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধে সামরিক বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে। দীর্ঘদিন থেকে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠী দেশে দেশে জনগণের ওপর নির্মম শোষণ-লুণ্ঠন চালাচ্ছে।
বাজার দখল, আধিপত্য বিস্তার ও সামরিক অর্থনীতি টিকে রাখার স্বার্থে যুদ্ধ পরিচালনা করছে। এই যুদ্ধে শত শত নিরাপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। মার্কিনীরা বাংলাদেশকে নিয়েও নানা রকম ষড়যন্ত্র করছে। চট্টগ্রাম অঞ্চলে সাগরে সামরিক ঘাঁটি করার পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর লীজ নেয়ার ষড়যন্ত্র করছে। সমরাস্ত্র তৈরির কারখানাসহ মিয়ানমারে মানবিক করিডোরের নামে ঐ অঞ্চলে অবস্থান নিতে চাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী যুদ্ধের কবল থেকে মানবতা, প্রাণ, প্রকৃতিকে ও সভ্যতাকে রক্ষা করতে দেশে দেশে শ্রমিক, কৃষক, মেহনতী মানুষসহ সাম্রাজ্যবাদ বিরোধী সকল জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা বাংলাদেশের জনগণকে সেই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সর্বাত্মক যুক্ত থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।








