বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮

গোয়ালভাওর বাজারে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে

প্রবীর চক্রবর্তী।।
গোয়ালভাওর বাজারে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে

ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারের 'নাজিম অটো পার্টস্'-এর মালিক নজরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও দোকানে থাকা কোনো মালামাল উদ্ধার করা যায়নি। অগ্নিকাণ্ডে নজরুল ইসলামের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।

নজরুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাতে মুঠোফোনে খবর পেয়ে দোকানে এসে দেখি আমার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। পোড়া মালামাল ছাড়া আমার আর কিছুই বাকি নেই। এখন ব্যবসা করবো কীভাবে? সংসারই বা চলবে কীভাবে? কী খেয়ে থাকবো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না!

অগ্নিকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা অনেকেই বলেন, নজরুল ইসলামের দোকানে লাখ লাখ টাকার মালামাল ছিলো। গোয়ালভাওর বাজারে এতো বড়ো দোকান থাকায় আমাদের উপজেলা সদরে যাওয়া লাগতো না।

ফরিদগঞ্জ ফায়াস সার্ভিস স্টেশন ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। দোকানে অনেক টাকার অটো পার্টস্ ছিল। তবে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়