রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে বিশাল মহিলা সমাবেশ

ধানের শীষে ভোট চাইলেন শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী ও কন্যা

এম রহমান।।
ধানের শীষে ভোট চাইলেন শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী ও কন্যা
চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল মহিলা সমাবেশে স্বামীর জন্যে ধানের শীষে ভোট চাইছেন মুনিরা আহমেদ। পাশে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং অংশগ্রহণকারী মহিলাদের একাংশ।

চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের চাঁদপুর পৌর ঈদগাহে আয়োজিত সমাবেশে ধানের শীষে ভোট চেয়েছেন প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মুনিরা আহমেদ ও একমাত্র সন্তান (মেয়ে)

ফারিশা আহমেদ মানহা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন। আগে তো ভোট ছাড়া হেতেরা এমপি, মন্ত্রী, মেয়র হয়েছে। আমরা সেটা চাই না। আমরা চাই জনগণ ১২ তারিখ ভোট দেবে, ধানের শীষে ভোট দেবে। তিনি বলেন, আপনারা জানেন, হাসিনা সরকার আমাদের নেত্রীর ওপর কী নির্যাতন চালিয়েছিলো। কিন্তু আল্লাহর কী খেলা, ৩২ নাম্বারের ইট পর্যন্ত জনগণ খুলে নিয়েছে।আর আমাদের নেত্রীর জানাজায় লাখ লাখ লোক হয়েছে। দেশের মাটিতে সমাধিস্থ হয়েছে। এই যে দীপু মনিরা ভেবেছিলো তারা আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আজকে তারা পালিয়ে যেতে হয়েছে।

সাবেক এমপি রানু আরো বলেন, আমাদের প্রিয় নেতা মানিক ভাইয়ের প্রতি আস্থা রেখেছেন। আপনারাও আস্থা রাখতে হবে। আজকে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। অথচ এই জামায়াতের আমিরের তিনবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। শিবির হচ্ছে রগকাটা দল। যারা জান্নাতের টিকেট বিক্রি করে, তাদের কাছে আমি জানতে চাই, আপনাদের টিকেট কনফার্ম হয়েছে কিনা। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেত্রী ও সাবেক মহিলা সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার নেতা মুফতি সাব্বির আহমেদসহ মহিলা দলের অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপি'র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম মেহেদী, সাবেক ছাত্রনেতা রইস হোসেন শিকদার, জেলা মহিলা দলের অ্যাড. রেহানা আক্তার কচি, নাইমা মোশারফ, ফারজানা লাকী, নাহিদা সুলতানা সেতু, শিরিন সুলতানা, চাঁদপুর পৌর মহিলা দলের সভাপতি জোহরা বেগম হীরা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহানারা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত মহিলাদের আগামী ১২ তারিখের নির্বাচনে 'আপনারা ধানের শীষে ভোট দিবেন কিনা' জানতে চাইলে সবাই দু হাত তুলে 'হ্যাঁ' সূচক জবাব দেয়। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়