মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন

---- পুলিশ সুপার মো. রবিউল হাসান

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন

চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে কাজ করতে আমার অত্যন্ত ভালো লাগে। আমাদের ও আপনাদের কাজের ধরণ প্রায় একই। আসন্ন নির্বাচনে সাংবাদিকরা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন—এটাই প্রত্যাশা করি।

​তিনি আরও বলেন, চাঁদপুরের ৫টি আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভোটের দিন কোনো সমস্যা হলে দ্রুত পুলিশের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করার আহ্বান জানাই।

নির্বাচনী আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, কোনো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর আওতার বাইরে থাকবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশের প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা পেশাদারিত্বের সাথে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে পারে।

​সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ এবং জেলা ট্রাফিক পরিদর্শক (টিআই) প্রবীর কুমার দাসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ প্রশাসনের গুরুত্ব সবচেয়ে বেশি। চাঁদপুর প্রেসক্লাব ও জেলা পুলিশ যৌথভাবে আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতামূলক কাজ করবে। ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনে দায়িত্বরতদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি আলোকপাত করেন।

​মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন ও রহিম বাদশা। আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, সেলিম রেজা, মিজান লিটন প্রমুখ।

​সভায় উপস্থিত ছিলেন মতলব সার্কেলের সিনিয়র এএসপি খায়রুল কবির, সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, ডিআইও-১ কামরুল হোসেন, ট্রাফিক পরিদর্শক (টিআই) প্রবীর কুমার দাস এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির।

​সভায় বক্তারা মতলব শ্রীরায়ের চর, ফরিদগঞ্জের সীমান্ত এলাকা, শাহরাস্তি এবং শহরের মতলব রোডসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। বহিরাগতদের আনাগোনার বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ দিয়ে তারা বলেন, অভিযান যেন এমনভাবে হয় যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি না হয়ে স্বস্তি বজায় থাকে।

​অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ২০২৬ সালের জানুয়ারি মাসের সাফল্য তুলে ধরেন। সভায় জানানো হয়, জেলার ৪২২টি ভোটকেন্দ্রে 'বডি ওর্ন ক্যামেরা' ব্যবহার করা হবে এবং ১৩৫০ জন পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মতবিনিময় শেষে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম. এ. লতিফসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়