মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

১০ম গ্রেডের দাবিতে সড়ক অবরোধ

মো. নাছির উদ্দিন।।
১০ম গ্রেডের দাবিতে সড়ক অবরোধ
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের কড়ইয়া মাছের আড়ত সংলগ্ন চৌরাস্তা মোড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুযায়ী, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্যে সংরক্ষিত। সম্প্রতি এই পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবনা আসার পর থেকেই দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি, ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের এই প্রস্তাব বাস্তবায়ন হলে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের পথ সঙ্কীর্ণ হবে এবং কারিগরি শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শাখার ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহবুব এলাহী বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যে বিশেষায়িত। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের পেশাগত অস্তিত্বের ওপর আঘাত। যতক্ষণ পর্যন্ত এই গণবিরোধী প্রস্তাব বাতিল না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার আবু নাছির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের একটি ভালো ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের চিন্তায় আমরা এখানে এসেছি। তোমাদের যদি এটি ন্যায্য দাবি হয়, তবে আমরা সরকারের কাছে তোমাদের দাবির বিষয়ে জানাবো। কিন্তু এর মানে এই নয় যে, রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করবে। প্রশাসন তোমাদের পক্ষেই কাজ করছে।

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে "উই ওয়ান্ট জাস্টিস", "অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না" এবং "ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ফিরিয়ে দাও"সহ নানা স্লোগান শোনা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাকে ধ্বংস করার লক্ষ্যেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। তারা অনতিবিলম্বে এই প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্যে এই পদের পূর্ণ নিশ্চয়তা দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়